...|...|...

আইন ও আদালত

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১০:১১
Shares
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ছবি: সংগৃহীত

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে। রবিবার (২৯ নভেম্বর) ঢাকার আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন রিমান্ড শেষে ডরিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, ডরিনের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেফতার করা হয়। সেদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে আসামিরা পরস্পরের সাথে যোগসাজশ করে ঘটনাস্থলে জড়ো হন। পরে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।